২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রী আমানুল হকের মৃত্যুতে খালেদার শোক 

একুশে পদক জয়ী প্রখ্যাত আলোকচিত্রী আমানুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, “মহান ভাষা আন্দোলনের বীর শহীদ রফিকের রক্তমাখা পরিধেয়সহ তার ছবি ক্যামেরাবন্দি করার জন্য এই আলোকচিত্রী কীর্তিমান হয়ে থাকবেন।”

ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মারা যান আলোকচিত্রী আমানুল হক। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

কিংবদন্তির চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পথের পাঁচালীসহ বিভিন্ন চলচ্চিত্রের স্থির আলোকচিত্রী হিসেবে কাজ করা ছিল আমানুল হকের দীর্ঘ পেশাদারী জীবনের অন্যতম প্রধান কীর্তি।

ফ্রিল্যান্স এই আলোকচিত্রী বায়ান্নর ভাষা আন্দোলনের অনেক ঐতিহাসিক মুহূর্ত ক্যমেরাবন্দি করেন। ভাষা শহীদ রফিকের গুলিবিদ্ধ মরদেহের ছবিসহ অসংখ্য বিরল ছবি ক্যামেরায় ধারণ করেছিলেন আমানুল হক।

সে সময় শাসকগোষ্ঠীর রোষানলে পড়ে কলকাতায় গিয়ে সান্নিধ্য পান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেন আমানুল হক।

প্রয়াত আমানুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া বলেন, নিরন্ন ও অসহায় মানুষের দুঃখ-দুর্দশার দুর্লভ চিত্র ধারণ করেছেন তিনি। পেশাগত জীবনে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামে এক ‘দুঃসাহসী আলোকচিত্রী’ হিসেবে দেশ ও দেশের মানুষের স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

বিরোধী দলীয় নেতা এই আলোকচিত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আমানুল হক ছিলেন আলোকচিত্র জগতের এক ‘অনন্য নক্ষত্র’।