২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমর্থন

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে সেক্টর কমান্ডার্স ফোরামসহ ২৫ সংগঠনের ডাকা হরতালে সমর্থন দিয়েছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 11:28 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে গণজাগরণ মঞ্চ এ ঘোষণা দিয়েছে। পাশাপাশি হরতালের সমর্থনে সন্ধ্যা ৭টায় মশাল মিছিল করবে তারা।

সমাবেশ শেষে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন তারা। জেলা প্রশাসক আবদুল মান্নান তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।  

স্মারকলিপিতে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নেজামে ইসলামী পার্টি  রাজাকার, আলবদর, আল শামস ও মুজাহিদ’ বাহিনী গঠন করে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এবং গণহত্যাসহ মানবতাবিরোধী কর্মকা-ে অংশ নিয়েছিল।

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ,হামলা, ভাংচুর, জাতীয় পতাকা ও শহীদ মিনারের অবমাননা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনায় হামলা চালানোর মধ্যে দিয়ে স্বাধীনতাবিরোধী শক্তি অরাজক পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে এতে বলা হয়, স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশকে আবারো পাকিস্থানি ভাবধারার রাষ্ট্রে পরিণত করতে অপতৎপরতা শুরু করেছে।

স্মারকলিপিতে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবি করা হয়।

গণজাগরণ মঞ্চের প্রতিনিধি দলে ছিলেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান, সংগঠক রাশেদ হাসান, সুনীল ধর, সাবেক ছাত্র নেতা শওকত হোসাইন প্রমুখ।