২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দাবি আদায়ে অবস্থান চলাকালে নতুন কর্মসূচির ঘোষণা দেন নেতারা।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৭ এপ্রিল সকাল  ১০টা থেকে ১১টা পর্যন্ত  খুলনা অচল কর্মসূচি, ১০ এপ্রিল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ২০ এপ্রিল কনভেনশন এবং ৪ মে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।

সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব শেখ মোশাররফ হোসেন, কাউন্সিলর মনিরুজ্জামান খান খোকন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, নাগরিক ফোরামের চেয়ারপার্সন শেখ আব্দুল কাইয়ুম, উন্নয়ন কমিটির সাবেক সভাপতি এস এম দাউদ আলী, অধ্যক্ষ মাজহারুল হান্নান, সিপিবি নেতা এস এ রশিদ, এইচ এম শাহাদৎ, মিজানুর রহমান বাবু, ওয়ার্কার্স পার্টি নেতা শেখ মফিদুল ইসলাম প্রমুখ।

উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির দাবির মধ্যে রয়েছে- খুলনায় আধুনিক রেল স্টেশন ভবন নির্মাণ, খুলনা-দর্শনা ডবল রেল লাইন নির্মাণ ও ঢাকা-খুলনা দ্রুতগামী আরো একটি ট্রেন সার্ভিস চালু, খুলনায় গ্যাস ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন এবং গ্যাস সরবরাহের জন্য কার্যকর ব্যবস্থা, পাইপ লাইনে গ্যাস সরবরাহ করার পূর্ব পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভর্তুকি-মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহের ব্যবস্থা করা, সকল ষড়যন্ত্র, দুর্নীতি প্রতিহত করে মাওয়ায় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে অর্থ বরাদ্দ ইত্যাদি।