চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সীমান্তে বিজিবির উপর ভারতীয় চোরাচালানীদের হামলার নিন্দা জানানো হয়। এছাড়া সীমান্তসংলগ্ন একটি গ্রাম থেকে চোরাচালানীদের একটি গ্রাম সরিয়ে নেয়ার জন্য বিএসএফকে অনুরোধ করা হয়েছে বলে জানান বিজিবি-৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল আলম।
তিনি জানান, বিএসএফ আগামী ছয় মাসের মধ্যে গ্রামটি থেকে চোরাকারবারীদের সরিয়ে নেয়া ও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটার ব্যাপারে আশ্বস্ত করেছে।
বিজিবির পক্ষ থেকে ৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমানের নেতৃত্বে ৩ সদস্য ও বিএসএফ-২০ মালদা ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট নবীন সিং এর নেতৃত্বে ৩ সদস্য বৈঠকে প্রতিনিধিত্ব করেন।
বিজিবি জানায়, বুধবার রাত ৮টার দিকে শিংনগর সীমান্তে ৫/৬ জনের একটি চোরাচালানী দলকে বিজিবির টহল দল চ্যালেঞ্জ করলে তারা ভারতের অভ্যন্তরে ঢুকে যায়।
পরে ওই চোরাচালানীরা সংগঠিত হয়ে বিজিবির উপর হাতবোমা নিক্ষেপ করে এবং লাঠি, হাসুয়া নিয়ে আক্রমণ করতে আসে।
এ সময় বিজিবি কয়েক রাউন্ড গুলি করে। তার কিছু পরেই বিএসএফও ফাঁকা গুলি নিক্ষেপ করে। ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এ পরিপ্রেক্ষিতে বিজিবি রাতেই পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়।
