এপ্রিলে ২-৩টি কালবৈশাখীর আশঙ্কা
চলতি মাসে দেশের উত্তর-মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র কালবৈশাখী আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় একটি ঘূর্ণিঝড়ও হতে পারে।
চৈত্রের শেষার্ধে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ এবং দেশের বিভিন্ন জায়গায় দমকা-ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।
ঝড়ো বৈশাখ মাসের প্রাক্কালে বুধবার অধিদপ্তরের এপ্রিল মাসের পূর্বাভাসে বলা হয়, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, সৈয়দপুর, মংলা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বৃহস্পতিবারের পূর্ভাবাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, এপ্রিল মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ (>৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র ২-৩টি মৃদু (৩৬-৩৮ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৩৮-৪০ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এতে আরো বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ মাঝারি/তীব্র কালবৈশাখী/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র ৩-৪ দিন হালকা/মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে।
এছাড়া দেশে স্বাভাবিকের চেয়ে কিছু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ থাকবে। তবে মাসের শেষার্ধে উত্তর-পূর্বাঞ্চলে পাহাড়ী ঢলের কারণে আকস্মিক বন্যার আশঙ্কাও করছে আব্হাওয়া অধিদপ্তর।
