সাক্ষী সুরক্ষা আইন তৈরির তাগিদ সংসদীয় কমিটির
যুদ্ধাপরাধের বিচার নির্বিঘ্ন করতে সাক্ষী সুরক্ষা আইন প্রনয়ণে তাগিদ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
তবে আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর অনুপস্থিতে এ বিষযে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানতে পারেনি কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মনে করি বর্তমান পরিস্থিতিতে সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন খুবই জরুরি।”
তিনি বলেন, “কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে দ্রুত সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের জন্য মত দিয়েছেন। তবে আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকায় আমরা মন্ত্রণালয়ের অবস্থান জানতে পারিনি।”
গত ১০ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষী সুরকার আহমদে ইমতিয়াজ বুলবুলের ভাই আহমেদ মিরাজ’র মৃত্যু এ ধরনের আরো হত্যাকাণ্ডের ‘ইঙ্গিত’ বহন করে বলেও জানান ফজলে রাব্বি মিয়া।
তিনি বলেন, “এ ধরনের একটি আলোচনায় মন্ত্রী-প্রতিমন্ত্রীর অনুপস্থিতি দুঃখজনক। মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিত করে পরবর্তী বৈঠক আহ্বান করা হবে।”
আইনমন্ত্রী ব্যারিস্ট্রার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষী সুরক্ষা আইনের একটি খসড়া আইন মন্ত্রণালয় তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে আইন প্রণয়নের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।”
গত মাসে এক সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতে সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. জিয়াউল হক মৃধা এবং ফজিলাতুন নেসা বাপ্পি বৈঠকে অংশ নেন।
