২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক জামাল নজরুল স্মরণে চবিতে শোকসভা

প্রয়াত গণিত ও পদার্থবিজ্ঞানী, জোতির্বিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শোকসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

গত ১৫ মার্চ রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস জামাল নজরুলের। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দুপুরে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এ শোকসভায় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রধান বক্তা ছিলেন।

তিনি বলেন, মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশ্বখ্যাত অধ্যাপক জামাল নজরুল ইসলাম। এই দার্শনিক এক সময়

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে মাটির টানে দেশে চলে আসেন।

গণিত ও পদার্থবিদ্যায় উচ্চতর গবেষণার জন্য চবিতে গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রটি জামাল নজরুল ইসলাম প্রতিষ্ঠা করেন উল্লেখ করে উপাচার্য প্রয়াত এই বিজ্ঞানীর জীবন-দর্শন অনুসরণেরও আহ্বান জানান।

জামাল নজরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন দেশ ও ব্যক্তি শোকবার্তা পাঠিয়েছেন বলে তার মেয়ে সাদাফ সিদ্দিকা জানান।

শোকসভায় তিনি নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অর্মত্য সেন ও প্রিন্সটন ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের অধ্যাপক ফ্রিমন ডায়সনের পাঠানো শোকবার্তা পাঠ করে শোনান। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, অধ্যাপক  ড. ইমরান হোসেন, অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক হোসাইন কবির প্রমুখ।

শোকসবা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী।