২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে যাবে গণজাগরণের স্মারকলিপি

যুদ্ধাপরাধীদের সর্বাচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেবে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওনা দেবে গণজাগরণ মঞ্চ।

গণজাগরণমঞ্চের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্প্যাদিত্ত বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্মারকলিপি দেয়ার পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে।”

ছয় দফা দাবির আদায়ে গত ২১ ফেব্রুয়ারি বেঁধে দেয়া সময় শেষ হয় ২৬ মার্চ। ওই দিন শাহবাগে মুক্তিযোদ্ধা–জনতা সমাবেশে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ।

কর্মসূচি অনুসারে প্রধানমন্ত্রীকে স্মারকলীপি দেয়ার পাশাপাশি দেশের প্রতিটি জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়ার আহ্বান জানানো হয়েছে।

এরপরের দিন শুক্রবার বিকাল ৪টায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শনিবার বিকালে সমাবেশ হওয়ার কথা রয়েছে শাহবাগে।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে বিক্ষুব্ধ হয়ে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে একদল তরুণের অবস্থান কর্মসূচি দেশব্যাপী গণজাগরণের সৃষ্টি করে।

যুদ্ধাপরাধীর ফাঁসির রায় না পাওয়ার ক্ষোভ থেকে সৃষ্ট এই প্রতিবাদ দেশবাসীর অকুণ্ঠ সমর্থন পাওয়ার পর জাতীয় সংসদে আইন সংশোধন করে সরকার ও আসামি পক্ষের আপিলের সমান সুযোগের বিধান যোগ করা হয়।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার গণজাগরণ মঞ্চের দাবির মুখে পরে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো দল বা সংগঠনের যুদ্ধাপরাধের বিচারের বিধানও যোগ করা হয়।

গণজাগরণ মঞ্চ একে আন্দোলনের অর্জন হিসেবেই দেখছে।

পরে ২১ ফেব্রুয়ারি জামায়াত নিষিদ্ধে সময় বেঁধে দেয়াসহ ৬দফা দাবি জানানো হয় সরকারের কাছে।

প্রজন্ম চত্বরে ওইদিন লাখো মানুষের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ১৭ দিনের টানা অবস্থান কর্মসূচির সমাপ্তি টানা হয়। তবে নানা কর্মসূচি অব্যাহত ছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত তিন জনের মামলার রায় হয়েছে, যার মধ্যে কাদের মোল্লা ছাড়া বাকি দুজন দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবুল কালাম আজাদ (বাচ্চু রাজাকার) মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।