কলেজে তালা, এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ২২ শিক্ষার্থী
সাভারে একটি কলেজের কর্তৃপক্ষ প্রবেশপত্র না দিয়ে পালিয়ে যাওয়ায় ২২ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
দুটি পরীক্ষা হয়ে যাওয়ার পর বুধবার দুপুরে ‘এ্যাডভোকেট মোহাম্মদ আলী ডিগ্রি কলেজ’ এর ২০১৩ সালের ২২ এইচএসসি পরীক্ষার্থী কর্তৃপক্ষের শাস্তি ও প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়।
ইউএনও কবির হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তদন্তের জন্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিশকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে কলেজটি বন্ধ করে দেয়া হবে।
“দুটি পরীক্ষা হয়ে যাওয়ার পরেই শিক্ষার্থীরা অভিযোগ করেছে তাই এখন আর কিছু করার নেই।”
নিরিবিলি এলাকার ওই কলেজটির কোনো অনুমোদনও নেই বলে জানান ইউএনও।
কলেজের মানবিক বিভাগের ছাত্র তপন, মাকসুদা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রিন্সিপাল অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম নানারকম প্রলোভন দেখিয়ে তাদের কলেজে ভর্তি হতে বাধ্য করেন।
পরে বিভিন্ন সময়ে ভাল ফলাফলের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুন বেশি টাকা আদায় করা হয় শিক্ষার্থীদের কাছ থেকে।
পরীক্ষার আগে শুক্রবার শিক্ষার্থীরা কলেজে গিয়ে তালাবদ্ধ দেখতে পান। শনিবারও কেউ কলেজের তালা খোলেনি বলে জানান শিক্ষার্থীরা।
রোববার থেকে সারাদেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।
