২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার শুনানি: গতি বাড়াতে তাগিদ আদালতের

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানির গতি বাড়াতে বলেছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 08:35 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে ওই শুনানি হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ট্রাইব্যুনালের রায়ের ১২০ প্যারা থেকে ২২৯ প্যারা পর্যন্ত পড়ে শোনান।

রায়ে মোট ৪২৯টি প্যারা রয়েছে, গত ১ এপ্রিল শুনানি শুরুর পর যা উপস্থাপন শুরু হয়েছে।

শুনানির পর প্রধান বিচারপতি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, “যে গতি আপনারা দেখাচ্ছেন, এই গতিতে তো হবে না। গতি আরো বাড়াতে হবে।”

এই শুনানি শেষ করার সময়সীমা বেঁধে দেয়ার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, “অ্যাপেক্স কোর্টকে টাইম ফ্রেম তো আপনারা যা দিলেন মাশাল্লাহ, প্রশংসা না করে পারা যায় না।”

শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে খন্দকার মাহবুব হোসেন আদালতে ছিলেন।

একাত্তরে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হলেও সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ না আসায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেয়ায় গত ৩ মার্চ সুপ্রিম কোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা।

আইনে আপিল বিভাগে ৬০ দিনের মধ্যে এই ধরনের আপিলের নিষ্পত্তির বিধান রয়েছে।

ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

এর মধ্য দুটি অভিযোগে কাদের মোল্লার ১৫ বছর করে কারাদণ্ড হয়। আর অন্য দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আগে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের বিধান ছিল না। শুধু যে কোনো খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করতে পরত রাষ্ট্রপক্ষ।

আইনের এ অসামঞ্জস্যতা দূর করতে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাস করা হয় ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’। এতে উভয় পক্ষেরই আপিলের সুযোগ তৈরি হয়।

পুরনো খবর:

দুই বিচারপতিকে বিরত রাখতে আবেদন কাদেরের
কাদের মোল্লার মামলায় আপিল শুনানি শুরু