কাদের মোল্লার মামলায় আপিল শুনানি শুরু
যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের আপিল শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানির জন্য সময় চেয়ে মৌখিক আবেদন করলেও আদালত তা গ্রহণ না করে রাষ্ট্রপক্ষকে বক্তব্য শুরু করতে বলে।
বিচারক বলেন, যেহেতু রাষ্ট্রপক্ষ আপিলের বিষয়ে আগে বক্তব্য দেবে, সেহেতু আসামিপক্ষ এমনিতেই সময় পাচ্ছে। সুতরাং তাদের আর আলাদা করে সময় দেয়ার প্রয়োজন নেই।
এরপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য উপস্থাপন শুরু করেন। তার সঙ্গে ছিলেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
অন্যদিকে কাদের মোল্লার পক্ষে আপিল বিভাগে এই মামলার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ অন্য আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এ মামলার আপিল শুনছেন।
তাদের মধ্যে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী রোববারই আপিল বিভাগে শপথ নেন।
শুনানির পর আদালত থেকে বেরিয়ে মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা বলেছিলাম, ভারতীয় উপমহাদেশের এই ধরনের মামলা আর হয়নি। মাননীয় আদালত এ ব্যাপারে অবহিত কি-না, সেটা আমরা জানি না। সেই কারণে আমাদের সময়ের দরকার। আমরা সময় চেয়েছিলাম, কিন্তু মাননীয় আদালত সময় না দিয়ে মামলাটা শুরু করে দেন।”
“আমি আদালতকে বলেছিলাম, এখানে দুইটি আপিল হয়েছে। একটি আমরা করেছি খালাস পেতে। সাজা বাড়াতে একটি সরকার করেছে। আমি আদালতকে বল্লাম, আমি আপিল করেছি সাজার বিরুদ্ধে।”
“আমার আপিল শোনার পর সাজা যদি বহাল থাকে, সেইক্ষেত্রে প্রশ্ন আসবে সাজা বৃদ্ধি করা যায় কি-না। আমার কেসের আগে যদি তার কেস হয়ে যায়, আমার মক্কেলের মনে ধারণা হয়ে গেছে, তাহলে তার আপিলটা খারিজ হয়ে যাবে। খারিজ হয়ে যাবে বলেই সাজা বৃদ্ধি হবে কি-না, সেই আপিলটা আগে শুনছেন।”
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, “যেহেতু আমাদের আপিলটা আগে ফাইল করেছিলাম। তাই আমাদের নম্বর হচ্ছে ২৪, তাদের আপিলের নম্বর ২৫। আজকের কার্যতালিকায়ও মামলাটি এই ক্রম অনুসারেই এসেছে।
“এ কারণেই আদালত আগে আমাদের মামলাটি শুনানির জন্য ডেকেছেন। আগের মামলা আগে শোনাই আপিল বিভাগের নিয়ম।”
তিনি বলেন, “আজকে আমাদের আপিল ওপেন করা হয়েছে। আদালত প্রথমে নীচের কোর্টের রায়টি সম্পর্কে অবহিত হতে চেয়েছেন। এ কারণে সকাল থেকে আমরা সেটাই করেছি। আজকে প্রায় তিন ঘণ্টা রায় পড়েছি।
“রায়টি হলো ৪২৯টি প্যারাগ্রাফের। এরমধ্যে আমরা ১১৯টি প্যারাগ্রাফ পড়ে শেষ করেছি। আগামীকালও আমরা আশা করছি, রায় পড়া চলবে।”
তিনি বলেন, “আমাদের আপিলে হলো একটি বিষয়ের উপর। যে কয়েকটি ধারায় (একটি স্থানে আমাদের বক্তব্য মতো) অপরাধটা প্রমাণিত হয়েছে। ঘাটারচরে যেটা, তারপরও আদালত সেখানে তাকে সাজা দেন নাই, খালাস দিয়েছেন। আমাদের আর্গুমেন্ট থাকবে সেটার ব্যাপারে।
“দুই ক্ষেত্রে আদালত বলেছে, তিনি দোষী। দোষী সাব্যস্ত হলে প্রথমত তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। না দেয়া গেলে কেন দেয়া গেল না, সেটা বলতে হবে। সে কারণে আমাদের দাবি হলো, ৫ ও ৬ এ যেহেতু অভিযুক্তের অপরাধ প্রমাণিত হয়েছে। সেহেতু মৃত্যুদণ্ড দেয়াই উচিত এবং ১, ২ ও ৩ এও তাই।”
একাত্তরে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইন অনুযায়ী আপিল বিভাগে ৬০ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করতে হবে।
ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
এর মধ্য দুটি অভিযোগে কাদের মোল্লার ১৫ বছর করে কারাদণ্ড হয়। আর অন্য দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আগে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের বিধান ছিল না। শুধু যে কোনো খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করতে পরত রাষ্ট্রপক্ষ।
আইনের এ অসামঞ্জস্যতা দূর করতে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পাস করা হয় ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইবুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’। এতে উভয় পক্ষেরই আপিলের সুযোগ তৈরি হয়।
