হোয়াইট হাউজের সামনে প্রবাসীদের কর্মসূচি
যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউজের সামনে কর্মসূচি পালন করেছেন প্রবাসীরা।
এ দাবিতে যুক্তরাষ্ট্র প্রবাসীরা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ভয়েস অব আমেরিকার সামনেও মানববন্ধন করে।
মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ, আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, ওয়াশিংটন মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, পেশাজীবী সমন্বয় পরিষদ, আওয়ামী আইনজীবী পরিষদ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এছাড়া নিউ জার্সি, পেনসেলভেনিয়া, কানেটিকাট, ম্যাসেচুসেটসে অবস্থানরত বাংলাদেশিরাও মানববন্ধনে অংশ নেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত শিবিরকে নিষিদ্ধের দাবি লেখা বিভিন্ন পোস্টার ও ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন প্রবাসীরা।
বেলা ১২টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত কয়েক পর্বে যুক্তরাষ্ট্রের এসব গুরুত্বপূর্ণ এলাকায় কর্মসূচি পালন করে তারা।
অভিযুক্ত যুদ্ধাপরাধীদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধের চিত্র ও জামায়াত-শিবিরের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে হোয়াইট হাউজ ও পররাষ্ট্র দপ্তরে স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, “জামায়াত-শিবির বাংলাদেশে এখনো নাশকতা চালাচ্ছে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষদের বিভ্রান্ত করে সহিংসতা ছড়িয়ে দিচ্ছে।”
পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জামায়াত-শিবিবেরর সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করা হয় স্মারকলিপিতে।
