আউশ ধান চাষে ৪৩ কোটি টাকার প্রণোদনা
চলতি বছর প্রায় সাড়ে তিন লাখ প্রান্তিক কৃষককে আউশ ধান চাষে প্রণোদনা দেবে সরকার।
এর ফলে অতিরিক্ত এক লাখ ১১ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হবে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই প্রণোদনার আওতায় কৃষকদের সার ও বীজ কেনার জন্য ৪৩ কোটি ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা দেয়া হবে।
তিনি বলেন, চলতি বছর ৪৭টি জেলার তিন লাখ ২৫ হাজার পাঁচশ প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক বিঘা করে জমিতে উফশী আউশ আবাদে বীজ ও সার কিনতে ৪১ কোটি ৮৫ লাখ টাকা দেয়া হবে।
এছাড়া ১৮ জেলার সাত হাজার বিঘা জমিতে নেরিকা জাতের আউশ ধান চাষের জন্য সাত হাজার কৃষককে এক কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা দেয়া হবে বলে জানান মতিয়া।
আগামী ১৫ দিনের মধ্যে প্রণোদনার এই অর্থ কৃষকের কাছে পৌঁছে যাবে বলে মন্ত্রী জানান।
এছাড়া উফশী আউশ চাষের জন্য কৃষকরা জনপ্রতি ২০ কেজি ইউরিয়া এবং ১০ কেজি করে এমওটি ও ডিএপি সার পাবেন।
ধান শুকানো হচ্ছে চাতালে (ফাইল ছবি)
জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে খাদ্য উৎপাদনও বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বোরোর জন্য উচ্চ ফলনশীল জাতের ধান তৈরী হলেও অন্য জাতের ধানের ক্ষেত্রে তা হয়নি।
“আমরা আউশের দিকে কৃষককে আনতে চাচ্ছি। কারণ এর আবাদ বৃষ্টিনির্ভর হওয়ায় সামান্য সেচেই উৎপাদন করা যায়।”
সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি বাস্তবায়ন কমিটি মনোনীত উপজেলা পর্যায়ের একজন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/সদস্যদের উপস্থিতিতে প্রণোদনা দিতে কৃষকদের তালিকা করা হবে, যা উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি অনুমোদন করবে।
২০১১-১২ অর্থবছরে ২৩ দশমিক ৩৩ লাখ মেট্রিক টন আউশ উৎপাদন হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী আশা করেন, প্রণোদনা দিয়ে চলতি অর্থ বছরে ৩০ থেকে ৪০ লাখ মেট্রিক টন আউশ উৎপাদন সম্ভব।
আউশ উৎপাদনে ২০১১ সালে স্বল্প পরিসরে কৃষকদের প্রণোদনা দেয়া হয়। ২০১২ সালে শুধু আউশের বীজ কেনার জন্য এই প্রণোদনা দেয়া হলেও এবার প্রান্তিক কৃষকরা সার ও বীজ কিনতে এই প্রণোদনা পাচ্ছেন।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন ছাড়াও মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
