ট্রেনে কাটা পড়ল এইচএসসি পরীক্ষার্থী
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লংলা রেলস্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহত খালেদা বেগম (১৮) লংরা আধুনিক ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ মর্তট গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে।
কুলাউড়া রেলওয়ে (জিআরপি) থানার ওসি স্বপণ বড়ুয়া জানান, কাকুয়া ব্রিজের পাশে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই খালেদা মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
“প্রাথমিকভাবে মনে হচ্ছে, অন্যমনস্ক থাকায় সে ট্রেনটি দেখতে পায়নি।”
ময়নাতদন্তের জন্য খালেদার লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
