বগুড়ায় বোমাবাজি, অগ্নিসংযোগ, ভাংচুর
শিবিরের হরতালের আগের রাতে বগুড়ায় যথারীতি বোমাবাজি, অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছে জামায়ত সমর্থিত এই সংগঠনের কর্মীরা।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তার ও রিমাণ্ডে নেয়ার প্রতিবাদে বুধবার রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় সকাল-সন্ধ্যা হারতাল ডেকেছে সংগঠনটি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত জেলা শহর ও শাহজাহানপুর উপজেলায় ১০/১২টি হাতবোমা বিস্ফোরণ, ১০টি সিএনটি অটোরিকশা ভাংচুর ও একটি ট্রাকে আগুন দেয়া হয়।
শাহাজানপুর থানার ওসি মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে ফটকিব্রিজ এলাকায় একটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।
বগুড়া শহর অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ বলেন, রাত ৮টার দিকে শহরের চেলোপাড়া এলাকায় ১০টি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করেছে শিবিরকর্মীরা।
এ সময় এখানে ৬/৭টি হাতবোমার বিস্ফোরণও হয় বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বলেন, রাত সাড়ে ৮টায় শহরের সাতমাথা থেকে ১০০ গজ দূরে শহীদ টিটু মিলনায়তনের সামনে ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় শিবির সমর্থকরা।
এরপর রাত ৯টায় সাতমাথায় আরেকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
