২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৌদিতে বাংলাদেশিদের প্রতি ভ্রাতৃপ্রতিম মনোভাব অক্ষুণ্ন থাকবে’

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সৌদি সরকারের অভিযান সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহিদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বাংলাদেশ সফররত সৌদি সরকারের একটি ‘শক্তিশালী’ প্রতিনিধি দল বাংলাদেশি শ্রমিকদের প্রতি তাদের ‘ভ্রাতৃপ্রতিম মনোভাব’ প্রদর্শনের বিষয়ে পুনরায় আশ্বস্ত করেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের বলেন, “আমরা খুবই সজাগ। আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই অভিযান শুধু বাংলাদেশি শ্রমিকদের জন্যই নয়, অন্য দেশের শ্রমিকদের জন্যও প্রযোজ্য।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের পররাষ্ট্র সচিব জোসে দর্জির সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, সৌদি আরব অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে, যেখানে প্রায় ৩০ লাখ বিদেশি অবৈধ শ্রমিক রয়েছে।

অবৈধ বিদেশি শ্রমিকরা তাদেরকে দেশে ফেরত পাঠানোর ভয়ে অফিস, দোকান ও অন্যান্য কর্মস্থল থেকে আত্মগোপন করে দিন কাটাচ্ছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের এই অভিযানের লক্ষ্যবস্তু হচ্ছে প্রায় আড়াই লাখ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান, যারা অন্তত একজন সৌদি নাগরিককে নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, সৌদি সরকার তাদের নাগরিকদের শ্রম খাতে নিযুক্ত করার নীতিমালা প্রণয়ন করেছে।

তিনি বলেন, “একারণেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।”

বর্তমানে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ‘অত্যন্ত ভাল’ বলেও মন্তব্য করেন তিনি।

এম শহিদুল হক অারো বলেন, “একটি উচ্চ পর্যায়ের সৌদি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছে। তাদের সঙ্গে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের পুনরায় আশ্বস্ত করেছে যে, বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে ভ্রাতৃপ্রতিম আচরণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না।”