২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ছাত্রলীগের সংঘর্ষ, গুলিতে নিহত ১

আধিপত্য নিয়ে বিরোধের জেরে মাগুরা শহরে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ১০ জন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার দুপুরে পারনান্দুয়ালী বরুণাতৈল এলাকায় এ সংঘর্ষে নিহত আজাদ (১৯) মাগুরা সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকরাউন্ড টিয়ার গ্যাস শেল ছুঁড়েছে।

আহতদের মধ্যে মোস্তাক নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) বদরুজ্জামান ছাত্রলীগকর্মী আজাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগ নেতার বরাত দিয়ে সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় আধিপত্য নিয়ে জেলা ছাত্রলীগের মানবউন্নয়ন বিষয়ক সম্পাদক রুবেলের সঙ্গে সহ-সভাপতি রুহুল আমিনের বিরোধ চলছিল।

এর জেরে দুপুর ১২টার দিকে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ, সহ-সভাপতি রুহুল আমিনের চাচা মুস্তাকসহ ১০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে গুলিতে আহত আজাদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটায় তার মৃত্যু হয়।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বলেন ওসি।