২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীর রামপুরায় পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

নিহত মো. রুবেল (২০) একজন পেশাদার ছিনতাইকারী বলে পুলিশ জানায়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোলহাস মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে রামপুরা হাজিপাড়ায় কয়েক যুবক ছিনতাই করছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পুলিশেকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসআই বলেন, পুলিশ এ সময় তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।

কিছুক্ষণ পর পুলিশ রুবেলকে গুলিবিদ্ধ অবস্থায় পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবেল কিভাবে গুলিবিদ্ধ হলো জানতে চাইলে তিনি বলেন, ছিনতাইকারী দল দুই ভাগে বিভক্ত হয়ে গোলাগুলি করছিল।

তার ধারণা, নিজেদের গুলিতেই গুলিবিদ্ধ হয়েছিল রুবেল।

তিনি বলেন, গোলাগুলির সময় ছিনতাইকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে শাহিন নামে এক কন্সটবল আহত হয়েছেন।

রুবেল একজন পেশাদার ছিনতাইকারী জানিয়ে এসআই জোলহাস বলেন, কিছুদিন আগে থানায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছিল।

ড্রামে গলিত লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুরের একটি বাসায় ড্রামের মধ্য থেকে গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শ্যামপুর থানার এসআই আব্দুর রহমান জানান, হেলেন ফ্যাক্টরির কাছে এক টিনশেড বাসা থেকে সোমবার রাত ১২টার সময় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ওই টিনশেড বাড়িতে বিশটি কক্ষ রয়েছে। ড্রামটি ১৮ নম্বর কক্ষে ছিল। কক্ষটি দীর্ঘদিন তালা মারা ছিল।

লাশটি প্রায় পচে গেছে জানিয়ে তিনি বলেন, মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।