টাঙ্গাইলে কালী মন্দিরে আগুন, পুড়ল ৪ প্রতিমা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার একটি কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার মধ্যরাতে উপজেলার ফলদায় সার্বজনীন কালী মন্দিরে অগ্নিসংযোগ করা হয় বলে ভূঞাপুর থানার ওসি হারেচ আলী মিয়া জানান।
আগুনে মন্দিরের চারটি প্রতিমা পুড়ে গেছে বলে জানান তিনি।
ওসি বলেন, রাত ১২টার দিকে কে বা কারা মন্দিরে আগুন দিয়ে সটকে পড়ে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুর্বৃত্তরা এ সময় প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে জানান তিনি।
ওসি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে আসাদ সরকার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মন্দিরে অগ্নিসংযোগের প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মিছিল নিয়ে ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ ঘটনার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন তারা।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বরণ দত্ত জানান, এ মন্দিরটি জেলার সবচেয়ে বড় মন্দির। ঘটনার বিচার চেয়ে মন্দিরের পাশে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির কর্মীরা।
