২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল

ইসলামী ছাত্র শিবিরের হরতাল প্রত্যাখ্যান করে মিছিল করেছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 07:32 AM

Updated : 25 Apr 2022, 06:33 PM

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মিছিলের নেতৃত্ব দেন।

মিছিলটি টিএসসি, মধুর ক্যান্টিন ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ইমরান বলেন, জামায়াত-শিবির সারা দেশে সহিংসতা চালাচ্ছে। তারা রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে।

“বাংলাদেশ থেকে জামায়াত-শিবিরকে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে।”

সমাবেশ থেকে জামায়াত-শিবিরকে প্রতিহতের ডাক দিয়ে জাসদ ছাত্রলীগ সভাপতি হুসাইন আহমেদ তফসির  বলেন, “জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের গণধোলাই দেয়া হবে।”

সমাবেশে বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তানভীর রুসমতসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দেন।