তিন বছরেও বাগেরহাট-শরণখোলা মহাসড়কের সংস্কার শুরু হয়নি
তিন বছর আগে বরাদ্দ দেয়া হলেও বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ এখনও শুরু হয়নি।
শরণখোলা উপজেলা থেকে সারাদেশে সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র উপায় বাগেরহাট-শরনখোলা আঞ্চলিক মহাসড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।
শরণখোলার বগী থেকে মোড়েলগঞ্জ উপজেলা হয়ে কচুয়া উপজেলার সাইনবোর্ড পর্যন্ত সাড়ে ৫২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক গত পাঁচ বছরে কোন সংস্কার না হওয়ায় এ পথে যাত্রী সাধারণসহ মালামাল পরিবহনে দিন দিন ভোগান্তি চরমে উঠছে। প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা-সাইনবোর্ড সড়কটি ২০১০ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়। ওই বছরই বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় ৯০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় এবং সেতু ও মাটি ভরাটের কাজ শুরু হয়।
সেতু ও মাটি ভরাটের কাজ সম্পন্ন হলেও সড়ক সংস্কার বা উন্নয়নের কোন কাজ আজো শুরু হয়নি।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বাগেরহাট থেকে শরণখোলা যাওয়ার সড়কে কচুয়ার সাইনবোর্ড থেকে শরনখোলার বগী পর্যন্ত দীর্ঘ সাড়ে ৫২ কিলোমিটারের অধিকাংশই ক্ষতিগ্রস্ত। বিশেষ করে সাইনবোর্ড থেকে মোড়েলগঞ্জ অংশের ২২ কিলোমিটার রাস্তার তুলাতলা, দৈবজ্ঞহাটি, আমতলা, পুলেরহাট মোড়, কলাবাড়িয়া, বলইবুনিয়া, কালিকাবাড়িয়ার খানাখন্দে ভরা।
এছাড়া মোড়েলগঞ্জ থেকে শরণখোলা অংশের বাকী ৩০ কিলোমিটার সড়কের কদমতলা, লাকুড়তলা, রায়েন্দা পাঁচ রাস্তার মোড়, নলবুনিয়া, সিংবাড়ী, আমড়াগাছিয়া, পল্লীমঙ্গল, বাদশার মোড়ের অধিকাংশ স্থানই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শরণখোলা ও মোড়েলগঞ্জ থেকে ঢাকা, চট্রগ্রামসহ দেশের অন্যান্য স্থানে যাতায়াতের জন্যে সব ধরনের যানবাহনকে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
শরনখোলা-মোড়েলগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পদক মঈনুল হোসেন টিপু বলেন, প্রতিদিন সড়কের কোথাও না কোথাও নতুন নতুন গর্তের সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ধসে নিচু হয়ে গেছে।
“গত পাঁচ বছরে মেরামত না করায় বিটুমিন ও পাথরের খোয়া উঠে নতুন নতুন গর্ত তৈরী হচ্ছে। মালিক সমিতির পক্ষ থেকে মাঝে মাঝে আমরা কিছু সংস্কার করলেও সড়ক ও জনপথ বিভাগ কোন সংস্কারই করেনি।”
বাস চালক মো. জাকির বলেন, “ঝাঁকুনিতে সড়কের মধ্যে গাড়ি বন্ধ হয়ে যায়। তখন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হয়। আর গাড়ি উল্টে যাওয়া, গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়াতো নিত্য নৈমিত্তিক ঘটনা।”
রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারি আনোয়ার হোসেন বলেন, আমাদের বাজারের অধিকাংশ পণ্যই খুলনা থেকে সড়ক পথে আনতে হয়। রাস্তা খারাপ হওয়ায় কোন যানবাহনই পণ্য নিয়ে এ পথে আসতে চায় না। সামনের বর্ষা মৌসুম আসার আগের সড়কের সংস্কার না হলে এটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
শরনখোলা উপজেলা চেয়ারম্যান মো. কামালউদ্দিন আকন বলেন, সিডরের পর ত্রাণকাজ পরিচালনার জন্য ২০০৮ সালে সড়কের কিছু রক্ষণাবেক্ষণ কাজ করা হয়। তারপর সড়ক ও জনপথ বিভাগ আর কোন সংস্কার বা উন্নয়ন কাজ না করায় পুরো সড়কটিই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ আব্দুল আলী এ মহাসড়কের করুণ দশার কথা স্বীকার করে সোমবার এই প্রতিবেদককে বলেন, “এ সড়কের ২৩ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্যে আমরা ৪৩ কোটি টাকা ব্যয় ধরে দরপত্র গ্রহণ করেছি। ৪৩ কোটি টাকার মধ্যে তহবিলে মাত্র পাঁচ কোটি টাকা আছে।আরও ১৫ কোটি টাকা চেয়েছি।”
এই অর্থ আগামি দশদিনের মধ্যেই পাওয়ার সম্ভবনা রয়েছে বলেও তিনি জানান।
