চট্টগ্রামে দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে।
এদিকে বন্দর থানায় খেলতে গিয়ে আহত এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নগরীর নিউ মনসুরাবাদ সংলগ্ন কৈবল্যধাম রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিক্সাচালক নুরুল আমিন (৪০) ও আরোহী মো. রাসেল (২৪)।
পাহাড়তলী থানার এসআই আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
সোমবার বিকালে বন্দর থানার সিমেন্ট ক্রসিং এলাকার আকমল আলী সড়কের পাশের বালুর মাঠে স্কুল ছাত্র মো. সাগরকে (১১) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের লোকজন।
পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশেকুর রহমান জানান।
বন্দর থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই মাঠে খেলতে গিয়ে মারাত্মক আহত হয় সাগর। এতে তার নাখ ও মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায়।
সাগর বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঠাকুর-মল্ল গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে বন্দর থানার ইসমাইল সুকানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
