২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে বসছে ১০ লাখ শিক্ষার্থী

সোমবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দেশের দুই হাজার ২৮৮ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:26 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন পরীক্ষা দিচ্ছে।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে (ডিআইবিএস) বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষা হবে।

আর আলিমে বাংলা আবশ্যিক, এইচএসসি ভোকেশনালে বাংলা-২ (সৃজনশীল/সাধারণ), ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।

এ বছর পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন।

শিক্ষামন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৯২টি পরীক্ষা কেন্দ্র বেড়েছে।

মোট পরীক্ষার্থীর শুধু এইচএসসির পরীক্ষার্থী ৮ লাখ ২৩ হাজার ২৪১ জন। এছাড়া আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে ৪ হাজার ৬০৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

ঢাকার বাইরে এবারো বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এ বছর বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে।

গত বছর শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়।

এর আগে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। তবে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হওয়ায় নকল করে পাস করার সুযোগ নেই।

এবারো দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা শ্রুতিলেখক নিয়ে পরীক্ষা দিতে পারবে বলে জানান নাহিদ।

শ্রুতিলেখক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী, বুদ্ধি ও শ্রবণপ্রতিবন্ধীরা অন্য সময়ের মতো এবাবো অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।

আগামী ২৮ মে তত্ত্বীয় পরীক্ষা শেষে ১ থেকে ১৪ জুন ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী পরীক্ষার মধ্যে হরতাল না দিতে বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

পুরনো খবর:

হরতাল করুন রাতে: শিক্ষামন্ত্রী
উৎকণ্ঠায় এইচএসসি পরীক্ষার্থীরা