সিরাজগঞ্জে হরতালে বিক্ষিপ্ত ভাংচুর
যানবাহন ভাংচুর ও মিছিল-সমাবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হয়েছে ১৮ দলীয় জোটের ডাকা আধাবেলার হরতাল।
২৯ মার্চ পুলিশের সঙ্গে সংঘর্ষে বেলকুচি উপজেলায় দুইজন নিহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় রোববার ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতালের ডাক দেয়া হয়।
রোববার ভোরে হরতাল সমর্থকরা শহরের হোসেনপুরে তিনটি পাথরবোঝাই ও একটি গরুবোঝাই ট্রাক ভাংচুর করে। এ সময় তারা ট্রাকের চালক ও এক ব্যবসায়ীকে মারপিট করে।
সকাল সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির উদ্যোগে হরতালের সমর্থনে একটি মিছিল থেকে স্টেশন বাজার এলাকায় একটি মোটরসাইকেল ভাংচুর করে।
এছাড়া সকাল ১০টার দিকে ব্রাহ্মণগাছা এলাকায় একটি মোটরসাইকেল ও একটি দোকান ভাংচুর করে পিকেটাররা।
বেলকুচিতে হরতালের পক্ষেÑবিপক্ষে মিছিল সমাবেশ হয়েছে। সকাল থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা উপজেলা সদরে অবস্থান নিয়ে দফায় দফায় হরতালের বিপক্ষে মিছিলÑসমাবেশ করেছে।
সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ ১৪ দলের নেতারা বক্তব্য রাখেন।
অন্যদিকে হরতালের পক্ষে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর, মৌপুর, কান্দাপাড়া ও ধুকুরিয়াবেড়া বাজার এলাকায় হরতালের সমর্থনে লাঠিসোটা নিয়ে কয়েক দফা মিছিল হয়েছে।
বেলকুচি থানার ওসি শামসুল হক জানান, শুক্রবারের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর ধুকুরিয়াবেড়া ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যেতে পারছে না।
এদিকে হরতালে দুরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীন সব রুটে বাস চলাচল বন্ধ ছিল। তবে শহরে রিকশা ও অটোরিকশা চলাচল করেছে।
