২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার মামলায় চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে পুলিশের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় স্থানীয় ইউনিয়ন জামায়াতের এক আমীরকে নগরীর চকবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

 চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে পুলিশের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় স্থানীয় ইউনিয়ন জামায়াতের এক আমীরকে নগরীর চকবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকাল পাঁচটার দিকে কোতয়ালী থানা পুলিশ চকবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরদৌস কোরেশী নামে এই জামায়াত নেতাকে গ্রেপ্তার করে।

কোরেশী লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর।

কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোরেশীর মালিকানাধীন একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোরেশী গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর লোহাগাড়ায় পুলিশের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় নেতৃত্ব দেন বলে স্থানীয় থানা পুলিশ জানায়।

জামায়াত-শিবির কর্মীদের তাণ্ডবে ওইদিন মো. তারেক নামে এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হন।

এসব ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি ফেরদৌস কোরেশী।

এছাড়া তিনি নগরীর কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের তাণ্ডবে নেতৃত্ব দেন বলেও পুলিশ জানায়।