‘আমাদের ট্রাইব্যুনালের বিচার সবচেয়ে স্বচ্ছ’
আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবচেয়ে স্বচ্ছ বিচার কার্যক্রম চলছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
শনিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে দেওয়ানী কার্যবিধি (সংশোধন) আইন ২০১২ অনুযায়ী বিকল্প পদ্ধতিতে বিরোধ নিস্পত্তির বাধ্যতামূলক বিধান প্রয়োগ সংক্রান্ত মত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিক আহমেদ বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা অবিচার করছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছেন।
এর চেয়ে স্বচ্ছ, স্পষ্ট ও গ্রহণযোগ্য বিচার ব্যবস্থা কোথাও আছে বলে জানা নেই। কারণ এ আদালতে অভিযুক্তদের যে সুযোগ দেয়া হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেউ পায়নি, বলেন তিনি।
এখানে অভিযুক্তরা তাদের পছন্দমতো আইনজীবী নিয়োগ, তাদের পক্ষে সাফাই স্বাক্ষী দেয়া এবং উচ্চ আদালতের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাচ্ছেন।
দেওয়ানী কার্যবিধি (সংশোধন) আইন ২০১২ অনুযায়ী বিকল্প পদ্ধতিতে বিরোধ নিস্পত্তি সম্পর্কে আইনমন্ত্রী বলেন, এ পদ্ধতিতে অল্প সময় ও কম খরচে বিরোধ নিষ্পতি করা সম্ভব। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা সুফল পাবেন। ফলে মানুষ আদালতমুখী হবে।
অর্থঋণ, কস্টমস, ভ্যাট ও আয়করের ক্ষেত্রে বিরোধ নিষ্পতিতেও ‘বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বিধান’ সংযুক্তি করা হয়েছে বলে তিনি জানান।
গাজীপুরের জেলা ও দায়রা জজ তানজীনা ইসমাইলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন ব্যারিষ্টার রফিকুল হক, সাংসদ আকম মোজাম্মেল হক, সাংসদ সানজিদা খানম এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
এর আগে গাজীপুরের জনপ্রতিনিধি, আইনজীবী, বিচারক, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
