অনশনে আরো ৪ মুখ
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে শুরু হওয়া অনশনে আরো চার নতুন মুখ যোগ হয়েছে।
গণজাগরণ মঞ্চে সক্রিয় ‘শহীদ রুমী স্কোয়াড’ মঙ্গলবার রাতে এই কর্মসূচি শুরু করে।
শুক্রবার শাহবাগের অনশনে যোগ দেয়া চার জন হলেন, এমএল বাশার পাঠান খাঁ, শুভ্র মাহমুদ জ্যোতি, এস আর জনি ও ফারহানা ইয়াসমিন সুমী।
এর আগে শুরুতে সাদাত হাসান নিলয়, মেহেদি হাসান শুভ্র, কাজী আকাশ, শরীফুল হক আনন্দ, মানিক সুত্রধর, কাজী রুবায়েত আদনান দীপ ও নাজমুল আলম ভুঁইয়া (জয়) অনশন শুরু করেন। বুধবার তাদের সঙ্গে যোগ দেন নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক আলিফ প্রধান ও ব্লগার সাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বাগতম সাহা নীল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী নাসির মোরশেদ।
বৃহস্পতিবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম সৌরভ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থী এইচ আই হামজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ ফায়েজ আহমেদ, সেউতি সাগুফতা ও রঞ্জন বণিক অনশন শুরু করেন একই দাবিতে।
তবে মঙ্গলবার থেকে অনশনে করে আসা মানিক সূত্রধর অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার দুপুরে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ২৯ মাচর্চ শহীদ রুমীর জন্মদিন উপলক্ষে বিকালে আমরণ অনশনস্থলের পাশে সংহতি প্রকাশ করতে আসা অনেকেই প্রতীকী অনশনে বসেন।
শহীদ রুমী স্কোয়াডের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তিযোদ্ধা মামা শহীদ এবং বিচ্ছু জালাল তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে অনশনে বসেছিলেন। তাদের দেখাদেখি প্রতীকী অনশনে অনেকেই বসতে আগ্রহ প্রকাশ করে।
‘দেশকে সাজাতে হবে’
সন্ধ্যায় অধ্যাপক জাফর ইকবাল শাহবাগের মূল মঞ্চে গিয়ে উপস্থিত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, “এখানে আসলে আমার খুব ভালো লাগে। কারণ কিভাবে তরুণেরা জেগের উঠেছে, তা এখানে আসার পর দেখি। আমাদের দেশের দেশের ৭০ শতাংশ তরুণ। আমাদের প্রাইমারি ও হাই স্কুলে ৩ কোটি ছেলে মেয়ে পড়াশুনা করে। পৃথিবীর বেশিরভাগ দেশে ৩ কোটি তো দূরে থাক, ৫০ লাখ মানুষ নাই। তাই এই তরুণেরা-শিশুরা দেশকে ভালোবেসে জেগে উঠলে কেউ বাধা হয়ে দাড়াতে পারবে না।”
“যুদ্ধারাধীদের বিচারকে আমি দেখি, আবর্জনা পরিষ্কার করার মতো করে। এর মাধ্যমে আমাদের কাজ শেষ হবে না। এর মাধ্যমে কাজ শুরু হবে। এরপর দেশকে সাজাতে হবে। এই দেশকে তৈরি করে দিয়ে যেতে হবে আজকের জেগে উঠা এই তরুণপ্রজন্মকেই।”
