শাবিতে উপাচার্য অবরুদ্ধ
দুগ্রুপের বিরোধের জেরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ হয়।
গত মঙ্গলবার রাতে শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক আহবায়ক শামসুজ্জামান সুমন ও কেন্দ্রীয় সহ-সভাপতি নাঈম হাসান গ্রুপের সংঘর্ষ হয়। এতে সুমন গ্রুপের আট জন আহত হয়।
এরপর নাঈম সমর্থিত নেতাকর্মীরা সুমন সমর্থিতদের উপর হামলা করে হল ছাড়া করে। তারা এখন বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে অবস্থান করছে।
বুধবার ছাত্রলীগের দু’পক্ষকে সমঝোতায় আনতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারিদের গ্রেপ্তার ও প্রক্টরের অপসারণ দাবি করে সুমন গ্রুপ সমর্থিতরা বিকাল ৪টায় উপাচার্য ভবনে তালা দেয়।
সন্ধ্যা সোয়া ৭টায় নাঈম গ্রুপের কর্মীরা সুমন গ্রুপের কর্মীদের ধাওয়া করে এবং উপাচার্যের কার্যালয়ের সামনে ১৫/২০টি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয় এবং উপাচর্য ভবনের কাচের জানালাও ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন।
এরপর থেকে উপাচার্য ভবনে আশ্রয় নিয়েছেন সুমন গ্রুপের কর্মীরা। আর উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন নাঈম গ্রুপের কর্মীরা।
শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক আহবায়ক শামসুজ্জামান সুমন বলেন, সমস্যা নিরসন না করে তদন্ত কমিটি গঠন করে সংঘর্ষকে আরো ঘনীভূত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তাই উপাচার্য অফিস অবরুদ্ধ করে তারা দাবি আদায়ে আন্দোলনে নেমেছেন।
হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগে তিনি প্রক্টর হিমাদ্রি শেখর রায় ও সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকারের পদত্যাগ দাবি করেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি নাঈম হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগের একপক্ষ অপরপক্ষকে দোষারোপ করছে। কোনো সমাধানে আসছে না।
ভারপ্রাপ্ত উপপাচর্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, ছাত্রলীগের বিবদমান দু’গ্রুপের সমস্যা সমাধানে জরুরি বৈঠক চলছে। বিষয়টি সুরাহার চেষ্টাও চলছে।
জালালাবাদ থানার ওসি জামাল উদ্দিন বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
