২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনশনে সংহতি শতাধিক সংগঠনের

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে শুরু হওয়া অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশকারী সংগঠনের সংখ্যা একশ’ পেরিয়েছে। এর মধ্যে ২৮টি সংগঠন রাতে ২৪ ঘণ্টার জন্য অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 01:27 PM

Updated : 13 Oct 2022, 02:49 PM

পুরনো খবর:

অনশনে আরো ৪ মুখ
অনশনে সংহতি বিশিষ্টজনদের

গণজাগরণ মঞ্চে সক্রিয় ‘শহীদ রুমী স্কোয়াড’ মঙ্গলবার রাতে এই কর্মসূচি শুরু করে।

এদিকে প্রথম দিন থেকে অনশনে যোগদানকারী মানিক সূত্রধর অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার দুপুরে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে দুপুরে ভাষা সৈনিক আব্দুল মতিন সংহতি প্রকাশ করতে আসেন শাহবাগে। ব্যক্তি পর্যায়ের সংহতি প্রকাশকারী ছাড়া বিকাল ৫টা পর্যন্ত সংহতি প্রকাশকারীদের সংগঠনের সংখ্যা দাঁড়ায় ১১৫, বৃহস্পতিবার যা ছিল ৪৬।

শহীদ রুমী স্কোয়াডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের সঙ্গে সংহতি জানিয়ে মস্কোতে অনশন শুরু করেছেন জিনিয়া আহমেদ চৈতী নামে এক মেডিকেল শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের কলোরাডোতে থেকে মুকুল নামে আরেকজন ব্যক্তিগতভাবে অনশন শুরু করেছেন।

২৫ মার্চ জামায়াত নিষিদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য গণজাগরণ মঞ্চের বেঁধে দেওয়া সময় শেষ হলেও দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণার পর আরো কঠোর কর্মসূচির দাবিতে সমাবেশে অসন্তোষ প্রকাশ করেন আন্দোলনকারীদের একটি অংশ।

এর মধ্যেই শাহবাগে অনশনে বসে ‘শহীদ রুমী স্কোয়াড’। তারা বলছেন, গণজাগরণ মঞ্চের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তারা শাহবাগের আন্দোলনের সঙ্গেই আছেন। অনশন তাদের সম্পূরক কর্মসূচি।

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকেও বলা হচ্ছে, আন্দোলনরত কোনো সংগঠন যে কোনো কর্মসূচি দিতেই পারে এবং তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই।

মঙ্গলবার রাতে অনশন শুরু করা সাতজনের সঙ্গে বুধবার যোগ দেন নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক আলিফ প্রধান ও ব্লগার সাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বাগতম সাহা নীল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী নাসির মোরশেদ।

অনশনের উদ্যোক্তা শহীদ রুমী স্কোয়াডের মুখপাত্র সাদাত হাসান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকালে আরো পাঁচজন তাদের সঙ্গে যোগ দিয়েছেন।

এরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম সৌরভ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থী এইচ আই হামজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দ ফায়েজ আহমেদ, সেউতি সাগুফতা ও রঞ্জন বণিক।