রাজধানীতে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর হাজারীবাগের এক পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতের অরিদ্র পাল শিমুল (২২) ধানমণ্ডি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী বলে স্বজনরা জানায়।
ঢাকা হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, স্বজনরা শিমুলকে শুক্রবার বিকাল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিমুলের প্রতিবেশী আমিনুল হাসপাতালে সাংবাদিকদের জানান, রঙ নিয়ে খেলা করার পর হাজারীবাগের সুলতানগঞ্জের এক পুকুরে শিমুল ও তার কয়েক বন্ধু গোসল করতে নামে।
শিমুল পুকুরের পানির নিচে তলিয়ে গেলে তার বন্ধুরা ফায়ার সার্ভিসসে খবর পাঠায়।
তিনি বলেন, শিমুল ও তার বন্ধুরা কেউ সাঁতার জানতো না।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা জানান, খবর পেয়ে তাদের ডুবুরি দল শিমুলকে পুকুরের পানির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
