২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মামুনের বিরুদ্ধে মুদ্রাপাচার মামলার সাক্ষ্যগ্রহণ

তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলার নবম সাক্ষী সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম নজরুল ইসলামের জেরা শেষ হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

এ ছাড়া এ মামলায় সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার নির্বাহী কর্মকর্তা বিভূতিভূষণ সরকারের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছে আদালত।

ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার এ তারিখ রাখেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম মামলার সাক্ষী নজরুল ইসলামকে জেরা করেন।

রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৭ জানুয়ারি ক্যান্টনমেন্ট সোনালী ব্যাংক শাখার কর্মকর্তা সৈয়দ এহসানুল হাফিজের জেরা শেষ হয়।

মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এদিন।

টঙ্গীর বিসিক শিল্পনগরীর বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাইয়ে দেয়ার কথা বলে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাজিদা ইসলামের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে তারেক ও মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি হয়।

গত বছরের ৬ জুলাই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। ওই বছরের ৮ আগস্ট অভিযোগ গঠনের পর লন্ডনে অবস্থানরত তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তার অনুপস্থিতিতেই চলছে বিচার।