২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দগ্ধ গাড়িচালক মুসাকে সহায়তা দেবে আ. লীগ

চট্টগ্রামে হরতালে অগ্নিদগ্ধ গাড়িচালক মো. মুসার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালে বন্দরনগরীর বহদ্দারহাটে এক কিলোমিটার জুড়ে রাস্তায় পেট্রোল ঢেলে মুসার টমটম গাড়িতে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা। এতে তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুসার চিকিৎসার ব্যবস্থা করতে এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে একটি প্রতিনিধি দলকে দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার অগ্নিদগ্ধ মুসাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেক (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে সেই  রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।