২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম চেম্বার নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

চট্টগ্রাম চেম্বার নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করলেন প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 02:35 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

বৃহস্পতিবার দুই ঘন্টার ব্যবধানে দুটি পৃথক স্থানে সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দেন তারা। তবে কোনো পক্ষই নির্বাচন বর্জন বা পেছানোর ব্যাপারে কোনো কথা বলেন নি।

হরতাল এবং নমিনি ভোটার নিয়ে জটিলতায় মামলা এবং রিটের কারণে বেশ কয়েক দফা পেছানোর পর শতবর্ষের পুরনো চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ মার্চ।

বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বর্তমান প্রথম সহ-সভাপতি মাহবুবুল আলম ও সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম নেতৃত্বাধীন প্যানেলের সদস্যরা।

এ সংবাদ সম্মেলন থেকে প্রতিদ্বন্দ্বী প্যানেলের মোরশেদ মুরাদের বিরুদ্ধে বক্তব্য দেয়া হয়।

লিখিত বক্তব্যে পরিচালক প্রার্থী মাহবুবুল হক চৌধুরী বাবর অভিযোগ করেন, মোরশেদ মুরাদ দ্বিতীয়বারের মতো সভাপতি পদ ‘আকড়ে’ থাকতে নিজের প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে অর্ডিনারি শাখায় ৩০৫ টি ভোটার বানিয়েছেন, যার মধ্যে মুরাদের পরিবারের সদস্যদের ৬৫ ভোট রয়েছে।

এছাড়া সংবাদ সম্মেলনে বর্তমান সভাপতিকে ‘স্বৈরাচারী’ আখ্যায়িত করে তার বিরুদ্ধে পদ আঁকড়ে রাখতে বিভিন্ন ছলচাতুরী করার অভিযোগও তোলা হয়।

এর ঠিক দুই ঘন্টা পর বর্তমান সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম ও পরিচালক এম এ ছালাম নেতৃত্বাধীন অপর প্যানেল চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের এসব অভিযোগ অস্বীকার করেন।

সংবাদ সম্মেলনে মোরশেদ মুরাদ জানান, তাদের পরিবার ঐতিহ্যগতভাবে ব্যবসায়ী পরিবার, সবারই ট্রেড লাইসেন্স রয়েছে। সুতরাং নিয়ম অনুযায়ী তারা ভোটার হয়েছেন।

নিবার্চন নিয়ে ‘বিষোদগার’ করতেই অপর পক্ষের প্রার্থীরা এসব কথা বলছেন বলে তিনি দাবি করেন।   

এই প্যানেলের অপর নেতা এম এ ছালাম অপর প্যানেলের প্রতি ইঙ্গিত করে বলেন, নির্বাচনে ‘টাউন গ্রুপের’ ৪১ জন ভোটারের সুনির্দিষ্ট কোন প্রতিষ্ঠান নেই। যখন নির্বাচন এবং ভোটার তালিকায় ‘অনিয়মের’ বিষয় নিয়ে কথা বলা হয়, তখনই আমাদের ক্ষমতালিপ্সু বলা হচ্ছে।

নির্বাচন নিয়ে আদালতে যাওয়ার বিষয়ে তিনি বলেন, প্রকৃত ব্যবসায়ীদের ভোটাধিকার নিশ্চিত করতেই তিনি আদালতে গিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ।

মাহবুব-সেলিম প্যানেলের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক সৈয়দ জামাল আহমদ।

গত ৬ ডিসেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। নমিনি ভোটার নিয়ে জটিলতায় এক সদস্যের রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়। 

হরতাল ও আইনি জটিলতায় চারবার নির্বাচন পেছায়। শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

বিভিন্ন গ্রুপে ছয় হাজারের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।