হরতালের বিরুদ্ধে দাঁড়ান: মুহিত
হরতালকারীদের ‘সন্ত্রাসের নেতা-নেত্রী’ আখ্যায়িত দিয়ে জনগণকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সেমিনারের তিনি বলেন, হরতাল অত্যন্ত ‘অজনপ্রিয়’। কেউ হরতাল চায় না বলেই হরতালকারীরা সন্ত্রাস করে, যাতে মানুষ ভয় পায়।
“এজন্য আমি বলব যারা হরতাল দেন তারা সন্ত্রাসের নেতা-নেত্রী। তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলা প্রয়োজন।”
বুধবার নিজের কার্যালয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ‘সন্ত্রাসের নেত্রী’ আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেছিলেন, বিএনপি চেয়ারপার্সন হরতাল দিয়ে দেশের অর্থনীতিকে ‘পঙ্গু’ করতে চাচ্ছেন।
হরতালকারীদের হুঁশিয়ার করে মন্ত্রী বলেন, “আমি ভাল করে বলে দিতে চাই- যারা হরতালের মাধ্যমে বিনিয়োগসহ অর্থনৈতিক উন্নয়নমূলক কমর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছেন, তারা সতর্ক হোন।”
হরতালের বিরুদ্ধে ব্যবসায়ীরা পূর্ণ সমর্থন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই জনগণও এটা সমর্থন করুক।”
জাতীয় বিনিয়োগ বোর্ড হোটেল সোনারগাওয়ে ‘শিল্পায়নের প্রসারে শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে।
