পুলিশের গাড়িতে বোমা মেরে শিবিরকর্মী আটক
বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতালের দ্বিতীয় দিনে রাজশাহীতে পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ করে হাতেনাতে ধরা পড়েছেন দুই শিবিরকর্মী।
বৃহস্পতিবার সকালে রাজশাহী বিসিক ভবনের সামনে মোটরসাইকেলআরোহী দুই শিবিরকর্মী হাতবোমা ছুড়ে পালানোর সময় পুলিশ তাদের ধরে ফেলে।
আটক আলআমিন (২৫) ও মানিক হোসেন (২৩) রাজশাহী মহানগর শিবিরের সাথী।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, আটক দুজন এর আগেও থানা ও পুলিশের গাড়িতে বোমাবাজি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৩৬ ঘন্টার হরতাল শুরুর আগে মঙ্গলবার রাতে বোয়ালিয়া থানা ও উপশহর এলাকায় পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে।
বুধবার রাতেও নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে হরতালসমর্থকরা পুলিশের গাড়ির দিকে বোমা ছোড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিসিক ভবনের সামনে পুলিশের একটি টহল দলের গাড়িতে হাতবোমা ছোড়ে মোটরসাইকেল আরোহী দুই শিবিরকর্মী। হাতবোমাটি গাড়ির তেলের টাংকের মুখে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এ সময় পুলিশ ধাওয়া দিয়ে দুই শিবিরকর্মীকে ধরে ফেলে বলে বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান।
এদিকে সকাল ৭টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ মোড় থেকে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে বাটার মোড়ে পুলিশ বাধা দেয়। সেখানে রাস্তার ওপর বসে পড়ে মিছিলকারীরা।
বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এ সময় উপস্থিত ছিলেন।হরতাল সমর্থকদের সকালে নগরীর বিভিন্ন রাস্তার আগুন জ্বালিয়ে পিকেটিং করতে দেখা যায়। নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নগরীর ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রফিকুল ইসলাম ও ৫ শিবিরকর্মীকে আটক করেছে।
