২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সংঘর্ষ, ভাংচুর

টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:58 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহর বিএনপির সহসভাপতি মো. সুরুজ্জামানের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি নিতাইগঞ্জ এলাকায় পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দেয়।

এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া শুরু হলে পুলিশ লাঠিপেটা করে এবং ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সংঘর্ষের সময় সুরুজ্জামান এবং দুই ফটোসাংবাদিকসহ অন্তত ১০জন আহত হন। পুলিশ শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করে নিয়ে যায়।

সুরুজ্জামান দাবি করেন, পুলিশ তাদের ‘শান্তিপূর্ণ মিছিলে’ লাঠিপেটা করে ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, “বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে বাধ্য হয়েই লাঠিপেটা ও কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়েছে।”

এ দিকে সকাল ৮টার দিকে সোনারগাঁও উপজেলার ত্রিবর্দী এলাকায় স্বেচ্ছাসেবক দল ঝটিকা মিছিল নিয়ে গাড়ি ভংচুর শুরু করে।

সেখানেও পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

হরতালে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।