২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবে কর্মকর্তার অভাব, জানলেন মন্ত্রী

সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র‌্যাবে পর্যাপ্ত কর্মকর্তা না থাকার কথা জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই কথা জানানো হয় বলে র‌্যাবের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।

পরিচালক পদমর্যাদার ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রী অভাব পূরণের আশ্বাস দিয়েছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, বাহিনীতে অফিসার পদমর্যাদার ৬৬৪টি পদের বিপরীতে রয়েছেন ২৬৭ জন। এর মধ্যে সেনা, নৌ এবং বিমান বাহিনীর শতকরা প্রায় ৭২ ভাগ এবং পুলিশের ৩৬ ভাগ পদ খালি রয়েছে।

এছাড়া র‌্যাবের কাছে বোমা নিষ্ক্রিয়কারী পর্যাপ্ত যন্ত্র নেই জানিয়ে তা কেনার প্রয়োজনীয়তাও মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

র‌্যাবে কর্মরত সব সদস্যকে শতভাগ র‌্যাব ভাতা দেয়ার প্রস্তাবও আসে বৈঠকে। বর্তমানে র‌্যাব সদস্যরা মূল বেতনের সঙ্গে ৭০ ভাগ র‌্যাব ভাতা পেয়ে থাকেন।

ওই পরিচালক জানান, পুলিশ সদস্যরা র‌্যাবে আসার পরপরই তারা নানা জটিলতার কারণে পূর্ণাঙ্গ রেশন পান না। এটা দূর করার জন্য মন্ত্রীর কাছে প্রস্তাব করা হয়েছে।

“মন্ত্রী সব বিষয়ে ধৈর্যের সঙ্গে শুনেছেন এবং যে সব বিষয় অবিলম্বে সমাধান করা সম্ভব তা করবেন এবং বাকিগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশস্ত করেছেন,” বলেন তিনি।

সরকারের কোনো স্থান থেকে একজন ইন্টারনেট বিশ্লেষককে র‌্যাবে ডেপুটেশনে পাঠানোর জন্যও মন্ত্রীকে অনুরোধ করা হয় বলে জানান ওই পরিচালক।

প্রতিষ্ঠাবার্ষিকীর পরদিন উত্তরায় র‌্যাব সদর দপ্তরে মন্ত্রীর সঙ্গে এই বৈঠকে পুলিশ মহাপরির্শক, র‌্যাবের মহাপরিচালকসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।