‘নাশকতার দায় খালেদাকে নিতে হবে’
দেশে ‘নাশকতায়’ বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ইন্ধন আছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী।
বুধবার নগরীর দারুল ফজল মার্কেটে ‘সামজিক প্রতিরোধ কমিটির’ সভায় নগর আওয়ামী লীগের এই সভাপতি আরো বলেন, “খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে দেশে ফিরে এসব নাশকতার উস্কানি দিচ্ছেন। এতে জানমালের হানি হচ্ছে। এসবের দায় বিরোধী দলীয় নেত্রীকে নিতে হবে।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে পুলিশ হত্যা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে আগুন দেয়া হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘গণহত্যার’ ধূয়া তুলে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন মহিউদ্দিন চৌধুরী।
বিরোধী দলীয় নেতার সর্বসাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সাবেক এই মেয়র বলেন, “খালেদা জিয়ার এই উস্কানিমূলক বক্তব্যে দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। সেনাবাহিনীকে বিতর্কিত করলে তিনি হবেন দেশ ও সেনাবাহিনীর এক নাম্বর শত্রু।”
মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার হরতাল চলাকালে নগরীর ২৩টি স্থানে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্যদের অবস্থান নেয়ার আহবান জানান।
সভায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ, সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, ইফতেখার সাইমুল চৌধুরী, পিযুষ কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা অমল মিত্র, নগর যুবলীগের সভাপতি চন্দন ধর, সাধারণ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, জাসদ নেতা হাসান শহীদ রানা, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিয়া উদ্দিন, ছাত্রনেতা মো. সাইফউদ্দিন, আরশাদুল আলম বাচ্চু, হাবিবুর রহমান তারেক, আজিজুর রহমান, আশিক-উন- নবী চৌধুরী প্রমুখ।
