যশোরে দুটি ছিনতাই, আহত দুই
যশোর শহরে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় দুইজন আহত হয়েছেন।
বুধবার শহরের মাইকপট্টি সড়কে কলেজ শিক্ষিকা ঝর্ণা রাণী কুণ্ডু(৪৫) এবং বিমান অফিস এলাকায় কৃষক আকবর আলী(৫০) ছিনতাইকারীদের কবলে পড়েন।
তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝর্ণা রাণী বলেন, বেলা পৌনে ২টার দিকে মাইকপট্টিমোড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক তার রিকশা আটকে তাকে ছরিকাঘাত করে।
এরপর তার কাছে থাকা এক হাজার টাকা, ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন সেট ও স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে নিয়ে যায়।
আহত আকবর আলী বলেন, এমএম কলেজে যাওয়ার জন্য রিকশায় উঠলেও রিকশাওয়ালা তাকে বিমান অফিসের মোড়ে নিয়ে যায়।
সেখানে মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রামী তার কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে তাকে।
পিটুনিতে তার এক পা ভেঙ্গে গেছে বলে জানান আকবর আলী।
কোতোয়ালি থানার ওসি গোলাম রহমান বলেন, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
