লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে চার শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বক্তারা জাতির এই ‘ক্রান্তিলগ্নে’ মুক্তিযোদ্ধাদের আবারো দেশের জনগণকে সঙ্গে নিয়ে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের’ জন্য ঐক্যবদ্ধ হওবার আহবান জানান।
জেলা প্রশাসক একেএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম শাহজাহান কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা কামাল মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনোয়ারুল হক মাষ্টার, ডেপুটি কমান্ডার নূরজ্জামান মাষ্টার, সদর থানা ইউনিট কমান্ডার মাহবুবুর রহমান, পিপি অ্যাডভোকেট জশিমউদ্দিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক রাজ্জাকুল হায়দর চৌধুরী, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন প্রমুখ।
পরে মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
