ষোল বছরে সবকিছু হারালেন বাবুল
ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার ১৬ বছর পর বাড়ি ফিরেছেন বরগুনার তালতলী উপজেলার জেলে বাবুল মোল্লা।
তিনি এখন মানসিক ভারসাম্যহীন। তার স্ত্রীকে বিয়ে করেছেন নিজেরই বড়ভাই।
১৯৯৭ সালের ১৫ অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ে নিখোঁজ হন বাবুল (৪০)। বাবুল তালতলীর সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর গ্রামের নাজেম মোল্লার ছেলে।
সোমবার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাবুলকে তার স্বজনরা পাথরঘাটার শাপলেজা গ্রাম থেকে বাড়ি নিয়ে আসেন।
বাবুলের মামা লেহাজ গাজী সাংবাদিকদের বলেন, তিন-চার দিন আগে বাবুল পাথরঘাটার শাপলেজা গ্রামে আসেন। ১৬ বছরে তার চেহারা অনেকটাই পাল্টে গেছে।
“সন্দেহবশতঃই তাকে বাড়ি নিয়ে যাই। তার মা ছেলেকে চিনতে পেরে বুকে জড়িয়ে ধরেন,” বলেন লেহাজ গাজী।
তবে বাবুল এতোদিন কোথায় ছিলেন, কীভাবে এখানে এলেন এ ব্যাপারে কিছুই বলতে পারছেন না, বলেন তার মামা।
বাবুলের মামা আরো বলেন, বাবুল নিখোঁজ হওয়ার সময় তার স্ত্রী বেল্লা বেগম ও দুই সন্তান ছিল। নিখোঁজের তিন বছর পর বাবুলের বড় ভাই আউয়ুব মোল্লা ধর্মীয় বিধি মোতাবেক বেল্লা বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন।
