২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সাংবাদিককে হুমকি

মাদারীপুরে এক সাংবাদিককে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

দৈনিক সমকাল ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এবং মাদারীপুর গণজাগরণ মঞ্চের সংগঠক ইয়াকুব খান শিশির ও তার পরিবারকেকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা চিঠি দিয়ে এ হুমকি দেয়।

এ ঘটনায় মঙ্গলবার মাদারীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক শিশির।

মাদারীপর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান চিঠি দেয়া এবং জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাত ৮টার দিকে কে বা কারা তাদের বাসার দরজার ফাঁক দিয়ে একটি চিঠি ফেলে বাসার কলিং বেলে চাপ দিয়ে পালিয়ে যায়। পরে তিনি চিঠিটি হাতে পান।

ইয়াকুব খান শিশির সাংবাদিকদের বলেন, চিঠিটির উপরে আরবি হরফে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা রয়েছে।

তারই নিচে বাংলায় লেখা রয়েছে, “শ্রদ্ধেয় শিশির স্যার, আমাদের সবার উচিত আল্লাহকে ভয় করা। আমাদের ধারণা আপনার সে ভয় একটু কম। আপনার মেয়ের জন্য শ্যামলী-শাহবাগ রাস্তাটা ভালো নাও হতে পারে। জানেনই ত সামনে হরতাল।”

স্বাধীনতাবিরোধী শক্তি যারা চায় না এদেশে যুদ্ধাপরাধীদের বিচার হোক তারাই এ কাজ করেছে বলে ধারণা এই সাংবাদিকের।