২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

স্বাধীনতা দিবসের সকালে ফুল দিতে যাওয়ার সময় জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 05:23 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান জানান, বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা মঙ্গলবার সকালে মিছিল নিয়ে সরিষাবাড়ির আরামনগর বাজারে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় বিএনপি ও আওয়ামী লগী কর্মদের মধ্যেও গুলি বিনিময় হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

সংঘর্ষে ওসি কামরুল আহসানসহ দশ পুলিশ এবং বিএনপি ও আওয়ামী লীগের প্রায় অর্ধশত কর্মী সমর্থক আহত হন। 

নিহত বেলালের বাড়ি সরিষাবাড়ির মূলবাড়ি গ্রামে। স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, বেলাল যুবদলের কর্মী।

সরিষাবাড়ির ওসি বলেন, পুলিশ শটগানের গুলি ছুড়লেও বেলাল পুলিশের গুলিতে নিহত হননি।

ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।