খুলনার ডিআইজি ও ১৭ ওসি প্রত্যাহার
দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে পুলিশের একজন উপ মহাপরিদর্শক, অন্তত চারজন পুলিশ সুপারসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
সম্প্রতি দেশব্যাপী জামাত-শিবিরের তাণ্ডবের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এসব পুলিশ কর্মকর্তাকে পুলিশ সদরদপ্তরে প্রত্যাহার করা হয় বলে সোমবার রাতে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়।
প্রত্যাহারের তালিকায় বিভিন্ন থানার অন্তত ১৭জন ওসি রয়েছেন বলে সূত্র জানায়। তবে অপর একটি সূত্র বলছে, তালিকায় ১২জন ওসি আছেন।
এ বিষয়ে জানতে পুলিশের মহা পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুল হককে একাধিকবার ফোন করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
তবে খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক মেজবাহ উদ্দিন তিনিসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমার পরিচিত একজন ফোন করে আমার প্রত্যাহারের কথা জানালে আমি পুলিশ সদরদপ্তরে খোঁজ নিয়ে এর সত্যতা পাই। পরে পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, ২৬ মার্চ সরকারি ছুটির পর তারা কাগজ পাঠাবে।
“আমি শুনেছি দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্যাচার্য, গাইবান্ধার পুলিশ সুপার নাহিদুল ইসলাম, খুলনা মেট্রাপলিটন পুলিশের একজন উপ কমিশনারকেও (পুলিশ সুপার পদমর্যাদার) প্রত্যাহার করা হয়েছে।”
খুলনা রেঞ্জের সাতক্ষীরা পুলিশ সুপার আসাদুজ্জামানও প্রত্যাহরের তালিকায় রয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
