২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার ৪২ বছর

স্বাধীনতার ৪২তম বার্ষিকী মঙ্গলবার। বাঙালি জাতি এদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 05:51 PM

Updated : 25 Apr 2022, 06:31 PM

দুই যুগের শোষণ থেকে মুক্তি পেতে আন্দোলনরত নিরস্ত্র বাঙালিদের ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী।

কালরাতের সেই প্রথম প্রহরে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ অভিযান নামে গণহত্যা চালানো হয়। বাঙালিরা এর বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে ওই বছরের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ।

২৫ মার্চ গণহত্যা শুরুর রাতেই পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর মধ্যেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যান তিনি।  

অবশ্য তার আগেই ৭ মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় কার্যত স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির অবিসংবাদিত এই নেতা।

স্বাধীনতার এই দিনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনে প্রস্তুত জাতি। এদিন সরকারি ছুটি। জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া স্বাধীনতা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন।

অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়া। সে লক্ষ্য অর্জনে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিভিন্ন ক্ষেত্রে অর্জন তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার মূল লক্ষ্যে পৌঁছতে আমাদের আরো অনেক দূর যেতে হবে। এজন্য প্রয়োজন দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস।

জাতীয় সংসদকে সকল আলোচনা ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে বলেও অস্থায়ী রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেন।

অন্যদিকে স্বাধীনতার অর্জনকে অর্থপূর্ণ করতে মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বস্তরে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী যখন অতর্কিতে নিরীহ ও নিরস্ত্র বাঙালির উপর হত্যাযজ্ঞ শুরু করে তখন ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

দেশবাসীকে স্বাধীনতা, গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশের উন্নয়নবিরোধী যে-কোনো অপতৎপরতা নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতা বাণীতে বলেন, একটি শোষণ, বঞ্চনাহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এদেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল।

তবে সেই লক্ষ্য অর্জন বারবার হোঁচট খেয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আজও বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার অপতৎপরতায় লিপ্ত দেশি-বিদেশি চিহ্নিত মহল।”

সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান খালেদা জিয়া।

স্বাধীনতা দিবসের কর্মসূচি

২৬ মার্চ প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবেন।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের নেতৃত্বে বীরশ্রেষ্ঠদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবেন।

মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ ফুল দেবেন মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

সকালে স্মৃতিসৌধে ফুল দেবেন বিরোধীদলীয় নেতাও।

সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়া সকাল ১১টায় গণভবনে স্মারক ডাক টিকেট উন্মুক্ত করবেন প্রধানমন্ত্রী।

দিনটিতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলোতে আলোকসজ্জা হবে।

ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে।

দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং টেলিভিশনে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার হবে।

বাংলাদেশ শিল্পকলা ও শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

দিবসটি উদযাপন উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তর দিনব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকে রাজধানীর বিভিন্ন এলাকায় ও সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত নৌপথে বিশিষ্ট শিল্পীর দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং ঢাকাসহ দেশের সবজেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হলে বিনা টিকিটে ছাত্রছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও বিভিন্ন মিলনায়তনে, উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী করবে।

এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কেন্দ্র, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

জেলা ও উপজেলা পর্যায় ছাড়াও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলে এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়েছে।

আওয়ামী লীগের কর্মসূচি

দিবসের শুরুতেই ভোরে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে সকাল ৬টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়া হবে।

এছাড়া সকাল ১১টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

২৭ মার্চ বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

সশস্ত্র বাহিনীর কর্মসূচি

স্বাধীনতা দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদর দপ্তর, ইউনিট, ঘাঁটি এবং ভবনে জাতীয় পতাকা উত্তোলন করবে সশস্ত্র বাহিনী। এছাড়া সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে করা হবে আলোকসজ্জা।

সেনা, নৌ ও বিমান বাহিনীর বাদকদল যথাক্রমে ক্রিসেন্ট লেক (সংসদ ভবন এলাকা), ফার্মগেইট পার্ক এলাকায় এবং মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত বাদ্য পরিবেশন করবে।

এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে সেনা সদরের ব্যবস্থাপনায় সেনা, নৌ, বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর সম্মিলিত বাদক দল বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত বাদ্য পরিবেশন করবে।

এছাড়া নৌ-বাহিনীর কয়েকটি জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য ঢাকার সদরঘাট, নারায়নগঞ্জ পাগলা, চট্টগ্রাম, খুলনা ও মংলা বন্দর, বরিশালের বিআইডব্লিউটি ঘাঁটে বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সশস্ত্র বাহিনীর স্থাপনা এবং সৈনিক মেসগুলোতে প্রীতিভোজেরও আয়োজন করা হবে। এছাড়া সামরিক হাসপাতালগুলোতে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার।