ডিসিসি নির্বাচন: রিট নিষ্পত্তির উদ্যোগ রাষ্ট্রপক্ষের
উচ্চ আদালতের আদেশে স্থগিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে রিটে জারি করা রুল নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকার উভয় সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়ে হাই কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছিল। ওই রুলের চূড়ান্ত শুনানির জন্য আজ [সোমবার] আমরা একটি কোর্টে আবেদন করেছি। আগামী ২৭ মার্চ আবেদনটি কার্যতালিকায় আসবে বলে আদালত জানিয়েছে।
গত এপ্রিলে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত নির্বাচন স্থগিত করার আদেশ চেয়ে একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ এপ্রিল বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে নির্বাচন অনুষ্ঠান স্থগিত করে ‘যথাসম্ভব দ্রুত’ ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করতে বলে।
একইসঙ্গে নির্বাচনের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়। আইন অনুযায়ী, সব কাজ শেষ করে দ্রুত নির্বাচন করতে বলে আদালত।
এছাড়া সীমানা নির্ধারণসহ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের সংশ্লিষ্ট ধারাগুলো বাস্তবায়ন করে তারপর নির্বাচন অনুষ্ঠানে ইসিকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয় রুলে।
২৩ জুলাই প্রথম বারের মত ওই নির্বাচন বিষয়ে দেয়া স্থগিতাদেশ তিন মাস বাড়ায় আদালত। দ্বিতীয়বার ৮ অক্টোবর স্থগিতাদেশের মেয়াদ তিন মাস বাড়ানো হয়। গত জানুয়ারিতে ওই স্থগিতাদেশের মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন ২৪ মে হওয়ার কথা ছিল।
রিট আবেদনে বলা হয়, ঢাকাকে বিভক্ত করে দক্ষিণ ও উত্তরে দুটি সিটি করপোরেশন করায় এখন স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের ২৭ ও ২৮ ধারা বাস্তবায়ন না করে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই।
এছাড়া নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ায় আইনের ৩, ৫, ২৯ ও ৩০ ধারাও লঙ্ঘিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
