২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি কলঙ্কমুক্ত হবেই: প্রধানমন্ত্রী

নানাভাবে বাধা এলেও যুদ্ধাপরাধের বিচার কাজ শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

একইসঙ্গে দেশের উন্নয়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বার বার আমাদের ওপর আঘাত এসেছে। তার মধ্যে থেকেই আমরা উঠে দাড়িয়েছি।”

“আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারব- সে বিশ্বাস আমার আছে”, বলেন তিনি।

ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতি বছরের স্বাধীনতা পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “গণতন্ত্র যেন অব্যাহত থাকে। উন্নয়ন যেন অব্যাহত থাকে। অগ্রগতির ধারা যেন চলতে থাকে। আমরা ২০২১ সালে যেন বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারি।”

জাতিকে ‘কলঙ্কমুক্ত’ করতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার কথা প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই বিচার বাধাগ্রস্ত করতে নানা ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

“দেশকে অবশ্যই কলঙ্কমুক্ত করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা দেশকে কলঙ্কের হাত থেকে মুক্ত করব।”

যারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চায়- তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “জাতির কাছে এটা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার অবশ্যই আমাদের পূরণ করতে হবে। জাতিকে কলঙ্কমুক্ত করে, অভিশাপমুক্ত করে, আমরা যেন উন্নয়নের পথে, অগ্রগতির প্রথে এগিয়ে যেতে পারি।”  

প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সাংসদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে যুদ্ধাপরাধীদের বিচারে বাধার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “দুর্ভাগ্য। আপনারা জানেন- কিছু দল এই যুদ্ধাপরাধীদের বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে এবং জনজীবনে অশান্তি সৃষ্টি করার জন্য নানা ধরনের অপর্কম করে যাচ্ছে।”

“এদের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন হতে বলব”, বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে স্মরণ করেন।

তিনি বলেন, “মহামান্য রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুর রহমান আমাদের ছেড়ে চলে গেছেন।”

প্রতিবেশী ভারতসহ যেসব বন্ধু দেশের সরকার ও জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আজ ২৫ মার্চ। ১৯৭১ সালে ২৫ শে মার্চ কালরাতে পাকিস্তানী দখলদার বাহিনী নিরীহ, নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা নির্বিচারে মানুষ হত্যা করে। বঙ্গবন্ধুর ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। তারই আহ্বানে সাড়া দিয়ে নয় মাস মুক্তিযুদ্ধের পর আমরা ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি।”

পদক বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

পুরনো খবর:

স্বাধীনতা পদক পেলেন ৮ জন