গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
হল নির্মাণে ধীর গতির প্রতিবাদে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল-সমাবেশ শেষে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষাথীরা জানান, ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র ও একটি ছাত্রী হোস্টেল নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ২০১২ সালের নভেম্বর মাসে। কিন্তু এখনো তা সম্পন্ন হয়নি।
হোস্টেল না থাকায় শিক্ষার্থীদের অনেক বেশি টাকা খরচ করে গোপালগঞ্জ শহরে মেসে থাকতে হচ্ছে। শহর থেকে যাতায়াতের সমস্যাও হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।
সমাবেশ চলাকালে উপাচার্য প্রফেসর খায়রুল আলম খান দ্রুত হোস্টেল নির্মাণের কাজ সম্পন্ন করার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি উপাচার্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
