পুলিশ মু্ক্তিযুদ্ধ জাদুঘর উদ্বোধন
পুলিশের উদ্যোগে দেশে প্রথম একটি মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা হয়েছে।
রাজারবাগ পুলিশ লাইনস অডিটেরিয়ামের একটি কক্ষে সাময়িকভাবে ‘বাংলাদেশ পুলিশ মু্ক্তিযুদ্ধ জাদুঘর’ বসানো হয়েছে।
পরে এই জাদুঘর আলাদা ভবনে স্থানান্তর করা হবে বলে রোববার জাদুঘর উদ্বোধনের পর জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান অালমগীর।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশের প্রতিরোধ দেশের মানুষকে আত্মবিশ্বাসী করে তুলেছিল।
মন্ত্রী বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলকে পুলিশ নির্যাতন করতে পারে না।
জাদুঘর উদ্বোধন শেষে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামে প্রামাণ্য চিত্রের প্রিমিয়ার শো হয়। এতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে গড়ে উঠা প্রতিরোধ দেখানো হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ভূমিমন্ত্রী রেজাউল করীম হীরা ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এসময় উপস্থিত ছিলেন।
