বঙ্গোপসাগর ২০ জেলে অপহরণ
বঙ্গোপসাগরে কয়েকটি ট্রলার থেকে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।
বনদস্যু সাজু ওরফে সাইজ্যা বাহিনী ও ফরহাদ বাহিনী শুক্রবার গভীর রাতে সাগরের এক নম্বর বয়া থেকে ফেয়ারওয়ে বয়া পর্যন্ত এলাকায় মাছধরা জেলে ট্রলারে হামলা ও লুটপাট চালায় বলে মৎস্যজীবী সমিতি জানায়।
এদের মধ্যে সাত জনকে কোস্টগার্ড উদ্ধার করেছে বলে দাবি করলেও মস্যজীবী সমিতি এখনো কেউ ফিরে আসেনি বলে জানিয়েছে।
শরণখোলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান সাংবাদিকদের বলেন, দস্যুরা বরগুনার পাথরঘাটা উপজেলার পাঁচটি এবং বাগেরহাটের শরণখোলা উপজেলার তিনটি ট্রলার থেকে এই ২০ জেলেকে অপহরণ করে। এ সময় একটি মাছধরা ট্রলারও তারা নিয়ে যায়।
জনপ্রতি চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে মজিবুর রহমান জানান।
মংলার কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শরিফুল ইসলাম খান বলেন, রোববার অপহ্নতদের মধ্যে সাত জেলেকে উদ্ধার করা হয়েছে।
এরা হলেন- বাগেরহাটের আব্দুল হাকিম (২২), শরণখোলার শাপলেজার সোহাগ (১৭), বরগুনার বাদল খান (২৭), পিরোজপুরের জালাল (৩৫), এনায়েত (৪২), ফেরদৌস (১৮) ও রফিক (২৫)।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতির ডোরা খাল এবং ভোলা খাল এলাকা থেকে এদের উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
